Tuesday, July 24, 2018

রাষ্টীয় পোশাক

রাষ্ট্র একেকটা নেংটি পইরা থাকে
প্রবল দম্ভে উড়তে থাকে পত পত
যেমন গ্রেট বৃটেনের নেংটি একদা এডুইন পিয়ারি উড়ায়েছেন মেরুর বাতাসে 
(তুষার ঢাকা শ্বেতগৌরবের বেনজির মৃত্যুর আগে)

এই কালে হরেক রঙে বর্ণিল
নানারঙ দক্ষিণ এশীয় জাঙ্গিয়ারর মত
ডিকশনারির শেষ কয়েক পাতায়
(শৈশবে বহুবার দেখা)
রাষ্ট্র মাত্রই স্বল্প বসন নেংটি পইরা থাকে শুধু
উলঙ্গ ক্ষমতার দাঁতনখখামচিকামড়মৃত্যু
মানুষের কেন চোখে পড়ে না, বুঝিনা
বিষাক্ত নাগিন কালের খুনী বাতাসে
ফড় ফড় দুলে দুলে উড়তে থাকে রাষ্ট্রের একটুকরা নেংটি
আর ইঁদুর-মানুষেরা ভয়ে ভয়ে নাড়তে থাকে একখানি পলাতক লেজ…
-
পতাকা (০৩/০৯/২০১৭)

Sunday, June 3, 2018

শোক অতিক্রম

সাদা আর ছোপ ছোপ কালো রঙ
ডোরাকাটা বাঘ নয়,
নয় দোয়েল পাখি
পড়ে আছে একটা দলানো ফ্রক যেন
ফ্রক নয় শিশু এক
মানুষের শিশু নয়
একটা বিড়াল শিশু

পড়ে আছে বৃষ্টি ধোয়া রাজাবাজারের রাস্তায়

শোক করার জন্য কোন কিশোর আশপাশে নেই
আমি অফিস যাচ্ছি
আইপিএস কাঁধে হেটে যাচ্ছে এক পরহেজগার সাজ
ঘুমে চোখ বুজে আছে দুপাশের দোকানপাট
রমজান কিংবা মানুষের নানান গন্ধ সবদিকে...

মানবজাতি তার শোক অতিক্রম করতে পেরেছে।
বিশেষত মাথা থেতলানো বিড়াল এবং আরো অন্যান্য মৃত প্রাণীর শোক।
বিশেষ এই মার্তৃভূমিতে।


-

২ জুন ২০১৮

Wednesday, May 23, 2018

~মন দা~


~মন দা~

(মন্দা বা ডিপ্রেসন বিষয়ক)

বোকাসোকা দুঃখী মানুষ এক তার দুঃখ দূর হওয়ার কোন সম্ভাবনা কিংবা আশা খুঁজে পাচ্ছিল না।
সাধু গৌতমের ধ্যান জ্ঞান তার জানা থাকবার কথা নয়।

আশার খোঁজে সে বুদ্ধিজীবীদের মুখের দিকে নজর রাখবে ঠিক করলো।
মাওলানাদের মুখের দিকে।
নেতাদের ঠোঁটের দিকে।
জেল দারোগা জজ সাহেব উকিল সম্পাদক সিইও -
বুদ্ধি বিক্রির সকল পেশার পরিষ্কার মুখমণ্ডলের দিকে।
একটা ভবন ধ্বসে যেদিন শতশত লোক মারা গেল
ঠিক তার পরদিন
শহরের সবচে তীক্ষ্মবুদ্ধির বিক্রেতা
পাণ্ডিত্যের গৌরবোজ্জল ব্যবসায়ী
পৃথিবীর সকল সভ্যতার কলা জ্ঞানের দুঁদে পাঠক
কি এক অতিসুক্ষ্ম বাক্যালংকারে মুগ্ধ হয়ে খট খট করে হেসেছিলেন।
দুঃখী লোকটির তারপর আর কোন কৌতুহল থাকল না।
.
২৩ মে ২০১৮

প্রতিদিন রাষ্ট্রের ছবি

প্রতিদিন রাষ্ট্রের ছবি

কখোন মুছবো চোখ!
বাণী দিয়ে আর কত ধুয়ে দিবে পৃথিবীতে আমাদের বোধ:
“যদি কেউ দেখতে চায় সূর্যের আলো, সে যেন মুছে নেয় নিজেরই চোখ”?
কে আছে নির্বীকার?
বৃক্ষ?
দাঁড়িয়ে থাকে, ছায়া দেয়, দেয় ফুল ও ফল
কাটা পড়ে কাঠ হয় টেবিল চেয়ার খাটে
দাঁড়ায় সটান পায়ে শুয়ে থাকে মসৃণ তল
এত রক্ত বুলেট মৃত্যু শোকে
কোন গাছ বিদ্রোহ করেনি।
গাছেরা বলেনি -
‘আজ থেকে সব ফুল বারুদ হয়ে যাবে
সব ডাল ইস্পাতের ঢাল
সব ফল প্রাণঘাতী বিষের কৌটা
আমাদের বিদ্রোহ আবাবিল মানুষের প্রতি’
তবে কে আছে শোকনিস্পৃহ নিত্যাননন্দ মহাশয়?
বৃষ্টি?
‘যখন বৃষ্টি হবে তখন ভিজে যাবে ঘুমন্ত কবরের লোকটিও
কাউকে রেহাই দিবে না আকাশের জল’ -
এতটা পোয়েটিক রেভুলুশনারি থট
বিশ্বাস করবে না কেউ; এমনকি কবিদের মহাপুরুষ ইউনানী দার্শনিক রাজাও
বৃষ্টিতে সবাই ভিজে না -
কারো কারো আছে পলিথিন
কারো কারো টিনের গাড়ির ছাদ
কারো কারো বৃষ্টির পর গা মোছার গামছা
হয়তো ঝড়ের আগে নীরব পৃথিবীতে
বরফ বরফ নরোম বাতাস
মাঝে মাঝে ঘুর্ণিতালে সাপের চোখের মত নাচ
উঠানে মরবে যে কেউ মেঘের বজ্রচুম্বনে
তবে কে আছে নিস্পৃহ সাহসী সুন্দর?
কে আছে মেঘে?
কে আছে জলে?
কে আছে?
কে?
..
~প্রতিদিন রাষ্ট্রের ছবি~
২৩ মে ২০১৮

Monday, April 23, 2018

কাঠাল গাছের জন্য শোক

বিশেষত আজকের ঝড়ো সন্ধ্যায়
মারা গেল লম্বা দরবেশ বিদ্যুতের খুঁটি একজন
একটা ট্রান্সমিটার খুন হলো সশব্দ চিৎকারে
জটলাপাকানো একগুচ্ছ তার
আকাশছিড়ে পড়ে থাকলো ততোধিক জটিলতায়


হাওয়ার ওলট পালট স্রোতে
উল্টে গেল একটা পুলিশ বক্স
একটা মাঝবয়সী মেহগনী হোচট খেল
উন্নয়ন আক্রান্ত এক শহুরে রাস্তায়।


এসব ছোটছোট দুঃখ পার হয়ে আমাদের দৃষ্টি গড়ায় ঘরের মুখে,
দুঃখ সেখানেও সটান শুয়ে থাকে এ যুগের ঝড়ে


ঘরের দরজায় উবুড় হয়ে পড়ে রইল
এক কিশোরী কাঠালবৃক্ষ; ঘন চুলের মতন
গাড় সবুজ পাতা সমগ্র দেহে
যেন এখনি উঠবে আবার খিল খিল হাসতে হাসতে ছুটবে উড়াতে উড়াতে
ঘনঘোর গভীর চুল- সবুজ রঙের।


আহ্লাদী কিশোরী মেয়ে হঠাৎ মারা গেলে কঠিন জ্বরে -
যেরকম শোক হয় পিতার অন্তরে
দুয়ারে উপড়ে পড়া বৃক্ষবালিকা এনে দেয় সেরকম শোক।


মেয়ে আমার, কিশোরী সুন্দর
প্রিয় কন্যা কাঠালবৃক্ষ
তুমি তো ছোওনি এখনো ছাদের কার্নিশ
পার হয়ে আকাশের নীল রঙ


আরো কিছু ঝড়ো বৎসর কাটানোর কথা ছিল
পৃথিবী মায়ের কোলে।
কেন তবে আছড়ে পড়ো, ভীত হও -
এই সামান্য বালখিল্য বৈশাখী ঝড়ে?


বেঁচে ওঠো মা আমার,
ওড়াও সবুজ চুল
আকাশে আকাশে
যত ভোর সূর্য ওঠে বাংলার পূবে
যত সাঝে পশ্চিমে ডুবে
তত ভোর সন্ধ্যা দুপুর
ওড়াও সবুজ চুল অাকাশে আকাশে …
.
কাঠাল গাছের জন্য শোক/ ২২ এপ্রিল ২০১৮/ সন্ধ্যা
..

নোট: ২৩ এপ্রিল ২০১৮ সকালে ঘুম থেকে উঠার আগেই কাঠাল গাছটিকে কেটে কুটে গুম করা হয় রাস্তা পরিস্কারের অংশ হিসেবে কিংবা কোন ছাগখাদ্য বিক্রেতার ব্যবসায়ী বিনিয়োগ হিসেবে।

Sunday, March 25, 2018

চুলের ... নীতি

চুলের ... নীতি


এ এক প্রতিকূল জীবন
হয়তো কেউ হজম করতে পারবে না এ জীবন
পারবে না সে নিজেও
সাইকোলজিস্টদের মাপে এ জীবন থেরাপিময় স্বাভাবিক করে ফেলা যায়
কিংবা সুবিধা তত্ত্বের বিচারে হওয়া যায়
অনুগত দাসানুদাস
কিংবা ধুরন্ধর কপট ছিঁচকে মানুষ
সবচে ভাল তুই অপেক্ষা কর কেশপাকানো বছরসর্বস্ব জীবনের।

দুর্বল গবাদি পশুর জীবন কাটায় যারা
তারা আসে বছর বছর বাছুর বিয়ানোর হিসাব নিয়ে
যদিও তাদের মগজ থেকে বিয়োয়নি কোন নেংটি ইঁদুর কিংবা চামচিকের ছাও
তাদের একমাত্র নীতি তাদের কেশগুচ্ছের বয়স
তাদের ক্রমশ লাল কেশগুচ্ছে ঝুলে ঝুলে জমে থাকে
দীর্ঘ কুটনামিময় খড় ভূষি খাওয়ার অভিজ্ঞতা

আগের দিন ভাল ছিল নীতিতে তারা গৌরব মাখে
আগের দিনে তারা জন্মাইছিল হারিকেনের বাত্তিতে নিষ্ঠুর রান্নাঘরে
আগের দিনে পশ্চাদ্দেশে ঘষেছিল চেয়ারের পাটাতন
আগের দিনে গোসলের আগে তারা মেখেছিল সরিষার তেল
আগের দিনে তারা বগলে রেখেছিল কাঠের খড়ম
আগের দিনে ব্লেডের অভাবে তারা উপড়ে ছিল কেশগুচ্ছ
আহারে আগের কেশ
আহারে উঁকুন
আহারে পরজীবী তাহারা
লুকায়ে লুকায়ে রক্ত চুষে খাস আগের জীবনের শুরে।
...
মার্চ ২০১৮

Saturday, March 10, 2018

বিষাক্ত প্রার্থনা


বিষাক্ত প্রার্থনা

ক্ষমতা লোভ আর মানুষের সমস্ত লকলকে আগুনের জ্বিহবায়

পুড়িয়ে কোমল সব সবুজ হৃদয়ের পাতা

নিত্য উল্লাস ভীষণ বিভীষিকাময় এ মানব জন্মের তরে

সেইসব রক্ত পুঁজ অবসাদ - র‌্যামন্ড একস্টাসি রোলেক্স স্যামসাং 
ঢোলাঢোলা ভারী আবরণে জীবনের একপাশ ঢেকে
তবু যারা ভাবে আগামীর দিনে কোন এক মানুষের কি এক প্রয়োজন
বাকি আছে ভরে তুলবার

তাদের ধূসর মগজের ঘরে আমার শব্দের প্রেম 
অবসাদ ভুলে দিতে চাই তুলে একটু একটু স্নেহের মতন
এই দুঃসময়ে যারা প্রাণভরে সুখে বাঁচবে আর
ভাববে আগামী দিনের কথা
সেই সব দীর্ঘজীবী মানুষের অবিচল কর্মের রূপ 
জড়ো হোক আমাদের জীর্ণ এই দেয়ালে দেয়ালে।
-

23/01/2018

শেড অ্যাকুরিয়াম

মে ৮, ২০২২ শেড অ্যাকুরিয়াম গেলাম। সকালে উঠলাম দেরিতে। দায়ীন ভাইয়ের সাথে কথা বলেছিলাম গতকাল। তিনি ছিলেন শেড এর কাছাকাছি। তার আরেক বন্ধুর সাথে...